যশোর মেডিকেল কলেজ নিজস্ব নবনির্মিত ক্যাম্পাসে স্থানান্তর এবং নিয়মিত ক্লাস নেওয়ার দাবিতে অধ্যক্ষের অফিস ও প্যাথলজি বিভাগে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

যশোর মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেলের শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চান। বিষয়টি অফিস সহকারী অধ্যক্ষকে জানালে তিনি দেখা করার অনুমতি দেন। এসময় বেশ কিছু শিক্ষার্থী অধ্যক্ষের অফিস কক্ষে ঢুকে আলোচনা শুরু করেন। একসময় চিৎকার-চেচামেচি করে অধ্যক্ষের অফিসের জানালা এবং আসবাবপত্র ভাঙচুর করেন তারা। কিছুক্ষণ পরে মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগেও তারা ভাঙচুর করেন। সূত্রটির দাবি, ঘটনার সময় কিছু বহিরাগত যুবক শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু হেনা মো. মাহবুবুল মওলা চৌধুরী বলেন, ভাঙচুরের ঘটনায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা করে ডা. নিকুঞ্জ বিহারী গোলদারকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে ওই কমিটি তদন্ত রিপোর্ট পেশ করবে। পরবর্তীতে রিপোর্ট অনুযায়ী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, হাসপাতালে ভাঙচুরের ব্যাপারে কর্তৃপক্ষ পুলিশকে কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

এসটি