হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। জেলার বানিয়াচংয়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত ১০টায় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও চারজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন—বানিয়াচং উপজেলার পুরানবাগ গ্রামের রাজমিস্ত্রি মুখলিছ মিয়া (৩৫) ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ ছাত্র হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের শাকিল মিয়া (১৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের খোয়াইমুখ থেকে একটি সিএনজি অটোরিকশা বানিয়াচং যাওয়ার পথে এবং বানিয়াচং থেকে একটি মোটরসাইকেল শহরে আসার পথে আতুকুরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে মুখলিছ মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১টার দিকে সেখানে মারা যান শাকিল মিয়া।
জেড





