যাত্রীবাহী একটি নাইট কোচ নিন্ত্রয়ণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৫ জন যাত্রী।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দু'জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- চালক সুলতান মাহমুদ (৪৫) । যাত্রী আব্দুর সালাম (২৩)। আরেকজনকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান।
ঘোড়াঘাট থানার এএসআই মো. জাকারিয়া জানান, ঢাকা হতে দিনাজপুরগামী রাত্রীকালীন কোচ ইনসাফ স্পেশাল (ঢাকা-মেট্রো-ব-১৪-১০২৮) উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪৫ জন যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক যাত্রীর মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, গাড়িটি দুমড়ে-মুছড়ে গেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
এআর/জেআই





