ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ।

বুধবার রাজ্য পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

আটক তিনজনের কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। তারা তুরস্ক যেতে চেয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

সিপাহিজালা জেলার পুলিশ প্রধান প্রদীপ দে বলেন, ‘আমরা সোমবার সোনামুরা (পশ্চিম ত্রিপুরা) দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ২৮ থেকে ৩৮ বছর বয়সের তিন বাংলাদেশি সরকারি কর্মকর্তাকে আটক করেছি। তাদের কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে।’

এই তিন বাংলাদেশিকে অবৈধ পথে অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে এক ভারতীয় তরুণকে গ্রেফতার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘ আটক বাংলাদেশিদের সোনামুরা কারাগারে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে অনেক জিনিসপত্রও ছিল। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।’

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন, তারা নয়াদিল্লি হয়ে তুরস্ক যেতে চেয়েছিলেন। এই তিনজনের পাসপোর্ট যাচাই করা হচ্ছে বলেও জানান প্রদীপ দে।

প্রসঙ্গত, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। গত মার্চে দুই দফায় নারী ও শিশুসহ ৫৮ বাংলাদেশিকে ত্রিপুরায় অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

এমবি