চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন,বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি ও সামর্থ হারিয়ে ফেলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে।

জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে তারা তাদের অঙ্গ সংগঠনের ন্যায় রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে।

তিনি আজ ২ এপ্রিল সোমবার সকালে নগরীর জুবলী রোড এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রঘোষিত কর্মসূচির আলোকে লিফলেট বিতরণকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য রাখেন। 

তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করে বিদেশে পাচার করেছে। শেয়ারবাজার, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে, তাদের কোন বিচার হচ্ছে না।

অথচ বেগম জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি বলেন, সরকার সম্পূর্ণ প্রশাসন ও আদালতকে নিয়ন্ত্রণ করে ক্ষমতায় টিকে আছে এবং আগামীতেও ক্ষমতার ধারাকাহিকতা চায়। তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের একমাত্র অন্তরায় খালেদা জিয়া।

খালেদা জিয়া দেশের গণতন্ত্র, আইনের শাসন,ভোটাধিার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করছে।দেশের জনগণ বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে।

বেগম জিয়াকে বাদ দিয়ে সরকার যে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে তা দেশের মানুষ সফল হতে দিবে না। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে বেগম জিয়াকে মুক্ত করবো। 

তিনি বলেন, বিনা ভোটে নির্বাচিত সরকার সভা-সমাবেশে যতই বায়ুবীয় উন্নয়নের ভাঙ্গা রেকর্ড বাজাক না কেন দেশের মানুষ বিশ্বাস করে বর্তমান সরকার দেশের দুর্নীতিবাজ ও লুটপাটের সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সহ-সাধারণ সম্পাদক জহুর আহমদ, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, সহপ্রচার সম্পাদক খোরশেদ আলম কুতুবী, সহশ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, সহ গ্রামবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন লাতুসহ প্রমুখ।

মাসুম/এমআর