চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে হল্যান্ড প্রবাসী এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত ব্যাক্তির নাম শামশুদ্দিন বাহাদুর (৫৩)। আজ রবিবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ-১ মোহাম্মদ শাহে নূর এর আদালত এ রায় ঘোষণা করেন।
সরকার নিযুক্ত চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।রায় ঘোষণাকালে আসামি শামশুদ্দিন আদালত উপস্থিতি ছিলেন। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, চট্টগ্রাম মহানগরীর উত্তর খুলশী এলাকার বাসিন্দা শামশুদ্দিন বাহাদুর দীর্ঘ দিন কর্মসূত্রে হল্যান্ড প্রবাসী ছিলেন।তিনি কয়েক মাস পরপরই দেশে ফিরে যৌতুকের জন্য স্ত্রী নূর নাহারকে মানসিক শারীরিক নির্যাতন চালাতো।
মেয়ের উপর নির্যাতন বন্ধ করতে বাধ্য হয়ে মোটা অংকের যৌতুকও দিয়েছেন কয়েকবার বাবা আমীর ছফা। কিন্তু শামশুদ্দিন স্ত্রীর উপর নির্যাতন অব্যাহত রাখে।
তারই ধারাবাহিকতায় ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি ব্যাপক মারধরের পর শ্বাসরোধ করে নূর নাহারকে হত্যা করে। এবং লাশ বাথরুমে ঝুলিয়ে রেখে স্ত্রী আত্মহত্যা বলে প্রচার করে। কিন্তু নূর নাহরের পরিবার তাদের মেয়েকে হত্যা করা হয়েছে মর্মে থানায় হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় ২০১১ সালের ৩০ জুন আসামির বিরুদ্ধ আদালতে অভিযোগপত্র দাখিল করে সিএমপি খুলশী থানা পুলিশ। ২০১২ সালের ১২ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। প্রায় ৭ বছর মামলা চলাবস্থায় মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহল শেষে আদালত রবিবার এই রায় ঘোষণা করেন।
মাসুম/নাজিব





