রাজধানীর কদমতলীর লাল মসজিদের সামনে পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মনোয়ার হোসেন (৪০) নামে এক আনসার সদস্য দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ পুলিশ বহনকারী লেগুনায় হামলা চালায়। তারা গাড়ির সামনের গ্লাস ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত কেটেপড়ে।

তিনি জানান, এ সময় মনোয়ার হোসেনের মুখ ঝলসে যায় এবং দুই হাত দগ্ধ হয়। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, কদমতলী থানার ওসি আবদুস সালাম মিয়া বলেন, পুলিশের টহল লেগুনাতে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা চালায়। যারা আগুন দেওয়ার চেষ্টা করে তাদের মধ্যেও একজন দগ্ধ হয়েছে।

তবে এ ঘটনায় পুলিশ কেউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।

এএইচ