নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) গোপন আস্তানায় ফের উদ্ধার অভিযানে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে চট্টগ্রামের সামরিক শাখার প্রধান জাবেদ এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোর রাতে নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর লালমিয়া কন্ট্রাকটর সড়কের হাজী নুর আহমদ টাওয়ারের নিচতলায় এ ঘটনা ঘটে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থলে আরও একটি গ্রেনেড রয়েছে জাবেদের দেওয়া এমন তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর রাতে তাকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে ফের অভিযান চালালে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস ও কনস্টেবল ফয়সাল আহত হন। তাদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে সোমবার (০৫ অক্টোবর) বিকেলে একই জায়গায় অভিযান চালিয়ে জেএমবি প্রধান মো. জাবেদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
পাশাপাশি তাদের কাছ থেকে নয়টি হ্যান্ড গ্রেনেড, কয়েক’শ রাউন্ড গুলি, একটি পিস্তল, ১০টি ছোরা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়।
এমকে





