নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার একটি মাদ্রাসার ভেতর থেকে ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় রাসেল (২১) ও হাসান (২৮) নামের দুই যুবককে আটক করা হয়।

শনিবার সকালে পশ্চিম দেওভোগ সানোয়ার ফিরোজ বায়তুল কোরআন মাদ্রাসায় এ অভিযান চালানো হয়।

এ সময় উদ্ধার করা হয় একটি সামুরাই তলোয়ার, একটি রামদা, একটি ছোরা, ৭০ বোতল ফেনসিডিল ও ১১ পিছ ইয়াবা। আটককৃতরা ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাসার ভেতরে অবস্থান করছিল। তবে তারা ওই মাদ্রাসার ছাত্র নয়।

আটককৃত হাসান পশ্চিম দেওভোগ রাজিবের বাড়ি ভাড়াটিয়া মৃত ইয়াছিন মিয়ার ছেলে ও রাসেল একই এলাকার আতাউর মিয়ার ভাড়াটিয়া বাবুল ব্যাপারীর ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-১ এর এএসপি শাহ শিবলী সাদিক জানান, আটককৃতরা ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাসার ভেতরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধারালো অস্ত্র ও মাদক সহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমকে