দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের চরম প্রতিযোগিতা চলছে। রাষ্ট্র নিজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। অহরহই ঘটছে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ ও পাচারের ঘটনা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিটের পক্ষ থেকে আয়োজিত র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ সব কথা বলেন।
তারা আরো বলেন, ঘরে-বাইরে সাধারণ মানুষের কোথাও কোনো নিরাপত্তা নেই। এমনকি বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রও হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাক স্বাধীনতা-গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের সব অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে।
এর আগে বেলা সাড়ে ১১টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে র্যালি শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অধিকার খুলনা ইউনিটের ফোকাল পারসন মুহাম্মদ নুরুজ্জামান সভাপতিত্ব করেন।
জেআই





