তিস্তা নদীর পানিবণ্টন চুক্তিসহ দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয় আলোচিত হয়েছে এবং এ আলোচনা ‘খুবই ইতিবাচক’ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নয়াদিল্লির পানিসম্পদ মন্ত্রণালয়ের শ্রম ও জনশক্তি ভবনে সে দেশের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে বৈঠক শেষে এ সব কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বৈঠক প্রসঙ্গে বলেন, ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তিসহ দুইদেশের মধ্যে অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনা ‘খুবই ইতিবাচক’ হয়েছে।
তিনি বলেন, শুধু তিস্তা নয়, দুই দেশের মধ্যে বিদ্যমান অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুইদেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
বৈঠকে ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খুবই ভালো এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে চারদিনের সফরের কার্যসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভারতীয় পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে সাক্ষাৎ করেন আবুল হাসান মাহমুদ আলী।
এরপর দুপুর সাড়ে ১২টায় দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন তিনি। এরপর আড়াইটায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং বিকেল ৪টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে দেশটির অর্থমন্ত্রী অরুন জেটলির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
২০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় নেহেরু ভবনে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীরা নেতৃত্ব দেবেন।
এদিন বিকেল সাড়ে ৪টায় রাজ্যসভার (উচ্চকক্ষ) বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
এদিকে, হাইকমিশন সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর জেসিসি বৈঠক শেষে ওইদিন রাতে দিল্লি থেকে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন পররাষ্ট্রমন্ত্রী।
তার সঙ্গে পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারও সেখানে যাবেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





