বগুড়া শহরে পুলিশের রায়ট কার বা সাজোয়াযানের (এপিসি) নিচে চাপা পড়ে আজিজার রহমান (৫০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শহরের সাতমাথায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় রিকশা চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলেও পরে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্লেখিত সময়ে আইন মেনে বগুড়া জিলাস্কুলের সামনের রাস্তা দিয়ে সাতমাথা বীরশ্রেষ্ট স্মৃতি সম্ভের দিকে রিকশা নিয়ে যাচ্ছিলেন রিকশাচালক আজিজার। এমন সময় জরুরি কোনো কারণ ছাড়াই উল্টোপথে পুলিশের এপিসি সাজোয়া যানটি চালিয়ে আসার চেষ্টা করলে এ দুর্ঘটনাটি ঘটে। রিকশাটি সম্পূর্ণ ভেঙ্গে চুরমার হয়ে যায়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে রিকশাচালকের আঘাত যতটা গুরুতর মনে করা হয়েছিল, ততটা নয়। তবে রিকশাটির বেশ ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

এএসপি আরো জানান, কেন এমন দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে। তাছাড়া অপরাধ প্রমাণ হলে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইআর