রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে প্রায় ৩ লাখ ৫৭ হাজার স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার শনিবার সকাল ১১টায় রংপুর জেলা পরিষদের কমিউনিটি সেন্টারে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এর পর পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে এই কার্ড বিতরণ করা হবে।

রংপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রংপুর সিটি মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক বিশেষ প্রতিবেদন উপস্থাপন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অণু বিভাগের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন কমিশন স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তি এবং মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জানিয়ে দিয়েছে।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, রংপুর সিটি করপোরেশনের আওতায় ৩৩টি ওয়ার্ডে স্মাট কার্ড বিতরণ করা হবে। উদ্বাধনের পর ৯ অক্টোবর ১ নম্বর ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি কেন্দ্র করে কার্ড বিতরণ করা হবে।

তিনি আরো জানান, উৎসবমুখর পরিবেশে স্মার্ট কার্ড বিতরণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এমএ