বিশ্বের অন্যতম পর্যটন বিষয়ক ওয়েবসাইট ‘ট্রিপ অ্যাডভাইজর’ বাংলাদেশ জাতীয় সংসদ ভবনকে ২০১৪ সালের ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ প্রদান করেছে। আজ রবিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ ভ্রমনকারী বিভিন্ন দেশের নাগরিকদের মতামতের ভিত্তিতে ২০১৪ সালের ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে। ট্রিপ অ্যাডভাইজর সার্টিফিকেট অব এক্সিলেন্স প্রদানের বিষয়টি সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছে। একই সঙ্গে সনদটিও পাঠিয়েছে তারা। সেখানে সংসদ ভবন পরিদর্শনের পর পর্যটকদের মতামতও তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ১৯৬১ সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের আমলে বর্তমান সংসদ ভবন নির্মাণ কাজ শুরু হয়। সে সময় স্থপতি মাজহারুল ইসলামকে এই ভবনের স্থপতি নিয়োগ করা হয়। তার প্রস্তাবেই মার্কিন স্থপতি লুই আই কান এই প্রকল্পের প্রধান স্থপতি হিসেবে নিয়োগ পান। ১৯৮২ সালের ২৮ জানুয়ারি এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





