রাজশাহীর পবা উপজেলায় চোর সন্দেহে হাসান (২৬) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী।
সোমবার দিবাগত রাতে পবার দর্শনপাড়া এলাকায় চুরির অভিযোগে তাকে গণপিটুনি দেন স্থানীয়রা।
নিহত হাসান উপজেলা চকিপাড়া গ্রামের তবজুলের ছেলে।
পরে অচেতন অবস্থায় তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতন্তের জন্য লাশ নেয়া হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে।
দর্শনপাড়া এলাকার একটি দোকানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে তাকে ধরে সেখানকার বাকশৈল ক্লাবে আটকে রেখে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
এদিকে, নিহত হাসানের বাবা সাংবাদিকদের জানান, সাধারণত সারারাত রিকশা চালিয়ে সকালে বাড়ি ফিরতেন হাসান। কিন্তু মঙ্গলবার তিনি বাড়ি ফেরেননি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন দর্শনপাড়ার একটি দোকানে চুরির অভিযোগে স্থানীয়রা তাকে ধরে পিটিয়ে হত্যা করেছেন।
এমই





