নিষেধাজ্ঞা ভেঙ্গে ইলিশ শিকারের দায়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদী থেকে ১৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ।
বুধবার রাতে রামগতির মেঘনা নদীর ওচখালী, টাংকির খাল ও চর আবদুল্লাহ এলাকায় অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করে পুলিশ। এ সময় মাছ ধরার জাল ও বেশকিছু মা ইলিশ জব্দ করা হয়।
একই সময় কমলনগরে মেঘনা নদীর লুধূয়া ও আশপাশের এলাকা থেকে আরও ৫ জনকে আটক করা হয়েছে।
রামগতির আটক জেলেরা হলেন- উপজেলার চর টগবী গ্রামের বাসিন্দা মৃত শামছুল হকের ছেলে মো. হুমায়ুন কবির (২৫), একই এলাকর মৃত নুর গাজীর ছেলে মো. ইউনুছ (৩২), ফরিদ উদ্দিনের ছেলে মো. রিপন (২০),
শিক্ষা গ্রামের বাসিন্দা মো. রতনের ছেলে শেখ আহাদ (২১), নুর উদ্দিনের ছেলে মো. রহমান (২০), আবদুর রশিদের ছেলে মো. লিটন (৩০), জহির উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন (৩০) এবং ওয়াজি উল্যাহর ছেলে নুর আলম (৩৫)।
রামগতির বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মেঘনায় মা ইলিশ শিকার করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন জানান, নদীতে ইলিশ ধরার সময় অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
এ নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রয়েছে।
এআর





