পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট ঢালাই (এফসিপি) কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (শনিবার) ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে দুপুরে রূপপুরে নেমে তিনি এই কাজের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাশান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিসভ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক দোহি হ্যান।  

পাবনা জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট ঢালাই (এফসিপি) কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত পাবনা রেল স্টেশনসহ ৩১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং জেলার ১৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়া পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে এদিন দুপুরে পাবনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দিবেন তিনি।

উদ্বোধনের সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও অনুষ্ঠানে ছিলেন।

এর আগে গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিং স্থাপনের কংক্রিট ঢালাইয়ের কাজ উদ্বোধন করেছিলেন। মাত্র ৮ মাসের মধ্যে সেটি সফলভাবে শেষ হয়। এরপর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা দ্বিতীয় ইউনিট স্থাপনের লাইসেন্স দিয়েছে। 

মূল স্থাপনার নির্মাণকাজ শেষে পরবর্তী ৬৮ মাসের মধ্যেই এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে বড় রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। নির্মাণে খরচ ধরা হয়েছে ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা। 

এমবি