নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, পৃথিবীর কোনো দেশে যুদ্ধেও এত মানুষ মারা যায় না।’
নাটোরে শনিবার দিনব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা চলাকালে এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এলজিইডি ও নিসচার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালানো ও অসাবধানতার জন্য প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে। বহু লোকের প্রাণহানি হচ্ছে। পৃথিবীর কোনো দেশে এত সড়ক দুর্ঘটনা ঘটে না।’
তিনি বলেন, ‘নিয়ম না মেনে বেপরোয়াভাবে ফিটনেসবিহীন গাড়ি চালানোর জন্য নাটোরেও বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৬ জনের প্রাণহানি ঘটে। তাই সবাইকে নিয়ম মেনে চলতে হবে। তাহলে এত দুর্ঘটনা ঘটবে না।’
এ উপলক্ষে সকালে শহরের কানাইখালী মাঠ থেকে নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সাহারা প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশ শেষে উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। পরে সাহারা প্লাজায় গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন— নিরাপদ সড়কের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, এলজিইিডির রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আহমেদ, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শরিফ উদ্দিন, পুলিশ সুপার বাসুদেব বণিক, নিসচা জেলা সভাপতি শ্যাম সুন্দর আগরওয়ালা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ২৫০ গাড়িচালক অংশ নেন।
জেআই





