বাংলাদেশ নামক রাষ্ট্রটি হয়ে গেছে ধনীদের। গরিব মানুষের ভাগ্যের কথা এই রাষ্ট্র কখনও চিন্তা করে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
শনিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে 'সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ: নিরাপত্তা বীমার প্রয়োজনীয়তা, আলাদা তহবিল গঠন ও পরিচালনা' বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনিএই কথা বলেন।
ড. মিজানুর রহমান বলেন, এদিকে আমাদের আইন সভায় ব্যবসায়ীদের দৌরাত্ম্য যেভাবে বাড়ছে সেখানে আইনের প্রয়োগ কিভাবে হবে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আলাদা তহবিল গঠন সম্পর্কে দ্বিমত পোষণ করে তিনি বলেন, “এই ফান্ড দুর্নীতির আরও একটি নতুন সংযোজন হবে। যারা সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হন তাদের কল্যাণ ফান্ড গঠন করার দায়িত্ব কার, সেটা ভাবতে হবে। ক্ষতিপূরণটা আসলে কে দেবে? মালিক, সরকার, না বীমা কোম্পানি?”
ঋণ খেলাপি প্রসঙ্গে সাবেক এই মানবাধিকার কমিশনার বলেন, একজন মন্ত্রী যখন বলেন ঋণখেলাপি সবাই খারাপ নয় এই কথা তিনি কিভাবে বলেন সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দিয়ে মানুষের টাকা মেরে এই সব বড় বড় লোক ঋণ খেলাপি হচ্ছে। আবার তারাই নাকি ভালো লোক এটা হাস্যকর।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে কে কিভাবে ক্ষতিপূরণ পরিশোধ করবে এটা কোথাও ভালোভাবে বলা নেই। এদিকে সড়ক পরিবহন আইনের এমন ফাঁক ফোকর রাখা হয়েছে যাতে গরিব লোক টাকা না পায়।
রোড সেফটি ফাউন্ডেশন -এর চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড: সৈয়দ নাইমুল ওয়াদুদ, অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট সাবেক পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন।
এসএম/এমবি





