অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতের তিন নাগরিক ও বাংলাদেশের তিন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার রাত ১১টায় যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার শিমুলপুর গ্রামের কার্তিক মজুমদারের ছেলে পঞ্চনন মজুমদার (৪৫), নদীয়া জেলার চাকদা থানার বেড়বাড় গ্রামের সমরেজ রায়ের ছেলে স্বপন রায় (২০) ও অনিল রায়ের স্ত্রী শান্তি রায় (৪৬),

যশোরের শার্শা উপজেলার সাদিপুর গ্রামের লতিফ মোল্লার স্ত্রী জাহানারা (৫০) সেকেন্দারের স্ত্রী আরিনা বেগম (৫৫) ও মুজিবর সরদারের স্ত্রী ফতেমা (৪০)। তবে আরেক জনের পরিচয় জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, আটক ব্যক্তিরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর উদ্দেশে বেনাপোলের সাদিপুর ও পুটখালী সীমান্তপথে যাতায়াত করছিল।

এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

এআর