যশোরের বেনাপোল পোর্ট থানার নারাণপুর গ্রামের এক বাড়ি থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তল, এক রাউন্ড গুলি ও চারটি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকালের দিকে এগুলো উদ্ধার করা হয়।

এ সময় এনাম (৩০) নামে ওই বাড়ির মালিককে আটক করা হয়। পরে তাকে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের জিম্মায় রাখা হয়।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ টাইমনিউজবিডিকে জানান, অপরিচিত এক ব্যক্তি মোবাইল ফোনে জানায় নাশকতার উদ্দেশে নারাণপুরে একটি বাড়িতে কিছু অস্ত্র জমা করা হয়েছে।

পরে ওই গ্রামের আবুলের ছেলে এনামের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় বাড়ির মালিক এনামকে আটক করা হয়। তবে এলাকায় খোঁজ খবর নিয়ে দেখা গেছে তার বিরুদ্ধে কোনো খারাপ কাজের অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে এটি কারো চক্রান্ত হতে পারে।

এসএইচ