রাজশাহীর চারঘাট উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ভারত থেকে পাচার করে আনা মাদকদ্রব্য ছিনতাইকে কেন্দ্র এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

গুলিবিদ্ধ দুজন হলেন উপজেলার অনুপমপুর গ্রামের শাহেদ আলী ও মহিদুল ইসলাম। তাঁদের প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, পাচারের মাধ্যমে ভারত থেকে আনা এক গ্রুপের মাদকদ্রব্য অপরগ্রুপ ছিনতাইয়ের চেষ্টা চালায়।

এ নিয়ে গতকাল বুধবার রাত থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ সকালে দু’গ্রুপ  সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।

এতে শাহেদ বুকে ও মহিদুল হাতে গুলিবিদ্ধ হন। তাঁদের দুজনকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘সংঘর্ষের ঘটনা শুনেছি। সংঘর্ষের কারণ জানতে ঘটনাস্থলে যাচ্ছি।’

ওএফ