কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১১ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।বৃহস্পতিবার রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২ ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার সাখাওয়াত হোসেন জানান, পাকুড়িয়া-ভাংগাপাড়া গ্রামের দুলাল (২০), সেন্টু (২৫), রবি মন্ডল (৫৫), আকবর আলী (৬০), সেন্টু (২০), রাকিবুল ইসলাম (১৯), শিমূল হোসেন (১৯), আরিফুল ইসলাম (১৮), আফজাল হোসেন (৩৫), কদম বিশ্বাস (৪০) ও জাফর ইকবাল (২৪) বৃহস্পতিবার রাতে ১৫৩-৭৩ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় মহিষকুন্ডি বিজিবির টহল দল তাদের আটক করে।
আটক বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে পার্সপোট আইনে বা সীমানা আইন লংঘন করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। যার মামলা নং ৩১। তবে এলাকাবাসী অভিযোগ করেছে গতরাতে শতাধিক বিজিবি সদস্য পাকুড়িয়া-ভাংগাপাড়া গ্রামে প্রবেশ করে বাড়ি বাড়ি তল্লাসী করে ১১জন নিরীহ গ্রামবাসীকে আটক করেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক জানান, বুধবার বিকেলে পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্তে বিজিবির টহল দলের উপর মাদক চোরাকারবারীরা হামলা চালিয়ে এক বিজিবি সদস্যকে আহত করলে তারই জের ধরে বৃহস্পতিবার রাতে ওই গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১১জন নিরীহ গ্রামবাসীকে আটক করে থানায় দিয়েছে। দৌলতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) বেলায়েত হোসেন জানান, ১১ জনকে আটক করে পাসপোর্ট আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে মহিষকুন্ডি বিজিবি।
[b]কুষ্টিয়া,কেকে,২৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ  [/b]