প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে এই প্রথম কোন সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলো। বিএনপি-জামায়াতের জঙ্গিবাদী কার্যক্রম ও সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণ স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় বসিয়েছেন।  
আজ (মঙ্গলবার) স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসব মন্তব্য করেন।
তিনি বলেন, যারা কিছু সৃষ্টি করে তারাই কিছু গড়তে পারে। বাংলাদেশকে যারা স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগই দেশের কল্যাণে কাজ করেছে।
যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা ক্ষমতায় আসলে কিভাবে দেশের উন্নতি হবে-এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর দেশ পিছিয়ে যায়, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায়।  
তিনি বলেন, বিগত ৫ জানয়ারির নির্বাচনের আগে বিরোধী দল নানাভাবে বাধা দিচ্ছিল, বিএনপি-জামায়াত জঙ্গিবাদী কার্যক্রম চালিয়ে পুলিশ হত্যা করে, বাসে আগুন দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন বানচালের নানা অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হয়েছে।
জঙ্গিবাদ মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় সংগীত বাঙালির অনুপ্রেরণা এমন মন্তব্য করে শেখ হাসিনা লাখো কন্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠানে সবাইকে যোগ দেয়ার আহবান জানান।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের শুধু রাজনীতি করারই সুযোগ দেয়নি, তাদেরকে মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]