সামরিক বাহিনীর সদস্য ছাড়াও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত বেসামরিক প্রশাসনের সদস্যদের জন্য প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আজ (বুধবার) ঢাকা সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি ) ও সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি ) ১৫তম যৌথসভায় সূচনা বক্তব্যে একথা বলেন।
শেখ হাসিনা বলেন,আমি আশাবাদী,দেশে ও বিদেশে প্রতিষ্ঠান ২টির সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং উন্নততর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে।
প্রধানমন্ত্রী বলেন,প্রতিষ্ঠান ২টি হতে এ পর্যন্ত বন্ধুপ্রতীম ৩৭টি দেশের সশস্ত্র বাহিনীর অফিসারগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং পরবর্তীকালে তারা নিজ নিজ দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন।
তিনি বলেন,২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর পরই তার সরকার ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রশিক্ষণগত ও আবাসিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্পের কাজ হাতে নেয়।
প্রধানমন্ত্রী বলেন,সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজের একটি বহুতল অফিসার্স আবাসিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং একটি বহুতল একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। অবকাঠামোগত এই সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠান ২টির সার্বিক মান আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব ) তারিক আহমেদ সিদ্দিকী,তিন বাহিনীর প্রধানগণ,সংশ্লিষ্ট সচিববৃন্দ,ঢাকা বিশ্ববিদ্যালয,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস'র ভিসিগণ,সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন ।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]