বিলুপ্ত না করে র‌্যাবের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
বৃহস্পতিবার দুপুরে সিলেটে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ‌‌‌'নাগরিক নিরাপত্তা ও সুশাসন : বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এতে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ আশরাফ হোসেন।
সূচনা বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, সারা দেশে গুম-খুনের ঘটনা বেড়ে যাওয়ায় দেশের মানুষ উদ্বিগ্ন। আর এ জন্য দায়ী রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এটা বন্ধে নাগরিক সমাজকে জেগে উঠতে হবে। প্রশাসনে দলীয়করণে আমাদের সব প্রতিষ্ঠান এখন অকার্যকর হয়ে পড়েছে। মোসাহেবি প্রথা চালু হয়েছে। এ প্রথা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিরঙ্কুশ করেছে।
তিনি  বলেন, নারায়ণগঞ্জের সাম্প্রতিক ঘটনায় জনমনে ভীতি-আতঙ্কের সঞ্চার হয়েছে। বেলার নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবুবকর সিদ্দিককে অপহরণের বিষয়টিও নাগরিক সমাজের জন্য বড় উদ্বেগের। পাশাপাশি নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও বিএনপির নেতা মুজিবুর রহমানের খোঁজ না পাওয়ার বিষয়টিও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।
এতে  আরও আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জোবেদা কনক খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, গণফোরামের যুগ্ম সম্পাদক নিলেন্দু দেব, গণতন্ত্রী পার্টির জেলা সম্পাদক আরিফ মিয়া, সাম্যবাদী দলের ধীরেন সিংহ, বাসদের সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার প্রমুখ।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]