[b]কুয়েত সিটি:[/b] জাতিসংঘ তার এক প্রতিবেদনে জানিয়েছে, তিন বছরের গৃহযুদ্ধে সিরিয়া ৩৫ বছর পিছিয়ে গেছে। দেশটিতে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছিল, গৃহযুদ্ধের ফলে তা আজ ধ্বংসযজ্ঞ আর মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
এদিকে, সিরিয়ার জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা দিতে সম্মত হয়েছে আরব উপসাগরীয় দেশগুলো এবং আমেরিকা। বুধবার কুয়েতে এক সম্মেলনে সহায়তার এ ঘোষণা দেয়া হয়।
এক বিলিয়ন অর্থ্যাৎ ১০০ কোটি মার্কিন ডলারের অর্ধেকই দিবে কুয়েত। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ বুধবার ঘোষণা দেন। অন্যদিকে, ৩৮ কোটি ডলার দিবে আমেরিকা। আর সৌদি আরব ও কাতার দিবে ৬ কোটি করে।
জাতিসংঘের উদ্যোগে কুয়েতে সিরিয়া বিষয়ক এই সহায়তামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
তবে, গত বছর কুয়েতে আরেকটি সম্মেলনে বান কি মুন সিরিয়ার জন্য ১৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা দেয়ার জন্য দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানান। কিন্তু তার দাবির চেয়ে ৫০ কোটি ডলার কম দেয়ায় দাতা দেশগুলোর প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মুন।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিশ্বের দুর্গত মানুষদেরকে মানবিক সহায়তার জন্য ৬৫০ কোটি ডলার দেয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব। এর মধ্যে ১৫০ কোটি ডলার সিরিয়ার জন্য বরাদ্দ ছিল। তবে, ৬৫০ কোটি ডলারের মধ্যে কী পরিমাণ অর্থ দাতারা এখনো পর্যন্ত দিয়েছে তা জানা যায়নি।
এদিকে, জাতিসংঘ মহাসচিব আগামী ২২ জানুয়ারিতে জেনেভাতে অনুষ্ঠিতব্য সিরিয়া বিষয়ক সম্মেলনের ব্যাপারে ব্যাপক আশাবাদী। সম্মেলন থেকে সরকার ও বিরোধীরা একটি গ্রহণযোগ্য পথ বেছে নিবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সূত্র: রয়টার্স
টাইম নিউজ/এসএমএ