খুলনার কয়রা উপজেলার মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাই হওয়া প্রায় সাড়ে ছয় লাখ টাকাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে সাবেক এক প্রতিমন্ত্রীর আত্মীয় বলে দাবি করেছেন। এছাড়া আরও দুজন নিজেদের ছাত্রলীগ-যুবলীগের সদস্য হিসেবে দাবি করেছেন। তবে এ দাবি নাকচ করে দিয়েছে নগর ছাত্রলীগ ও যুবলীগ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নগরের রেলগেট এলাকার মো. হাবিবুর রহমান, দৌলতপুর এলাকার কাজী ইব্রাহিম ওরফে মার্শাল, দেয়ানা এলাকার ইবাদ আলী মোড়ল, দৌলতপুর ইস্পাহানি কলোনির বাসিন্দা মিন্টু মুন্সী, একই এলাকার মধ্যডাঙ্গা নগরের সাজেদুর রহমান বাপ্পী  ও কয়রা এলাকার মাছ ব্যবসায়ী আছাদুল হক।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গতকাল সকালে ডুমুরিয়া থানার জিলেরডাঙ্গা নামক স্থানের খুলনা-সাতক্ষীরা সড়কে মাছবাহী একটি ট্রাকের গতিরোধ করে ব্যবসায়ীদের কাছে থাকা ১৭ লাখ ৪১ হাজার ৫০০ টাকা ছিনতাই করা হয়।
ঘটনার পর ট্রাকচালক সিরাজুল ইসলামকে আসামি করে মামলা করেন কয়রা উপজেলার মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন। জিজ্ঞাসাবাদের সময় সিরাজুল ইসলাম পুলিশকে ওই ছয় ব্যক্তির নাম বলেন। এর ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মশিউর রহমান জানান, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে আলাদাভাবে মোট ৬ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কথা স্বীকার করে আটক হওয়া ব্যক্তিরা বলেছেন, এ চক্রের মূল হোতা কয়রা এলাকার জনৈক রেজওয়ান পাঁচ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আত্মগোপনে আছেন।
অভিযান পরিচালনাকারী পুলিশের উপপরিদর্শক আজারুল ইসলাম বলেন, আটক হওয়া হাবিবুর রহমান নিজেকে খুলনা বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কাজী ইব্রাহিম ওরফে মার্শাল নিজেকে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ফুফাতো ভাই বলে দাবি করেছেন। এছাড়া ইবাদ আলী মোড়ল নিজেকে যুবলীগ দৌলতপুর থানা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন।
এ ব্যাপারে নগর ছাত্রলীগের সভাপতি দেব দুলাল বাড়ৈ বলেন, ‘কলেজের শিক্ষকদের সঙ্গে বাজে আচরণ করায় হাবিবুরকে গত বছরের ১৫ জুন বহিষ্কার করা হয়। তবে ইবাদ আলী সম্পর্কে আমার জানা নেই।’
যুবলীগের নগর আহবায়ক আনিসুর রহমান বলেন, দৌলতপুরে যুবলীগের কোনো কমিটি নেই। ফলে ইবাদ আলীর যুবলীগের সদস্য হওয়ারও কোনো সুযোগ নেই।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]