লক্ষ্মীপুরে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে চিহিৃত আসামিসহ ২৯ জনকে আটক করা হয়েছে। বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছেন। এ অভিযানে একটি বিদেশি এলজি এবং ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান,জেলার আইন-শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের গ্রেফতারের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন। অভিযানে জেলার বিভিন্নস্থান থেকে ২৯ জনকে আটক করা হয়।
এছাড়া সদর উপজেলার দত্তপাড়া গ্রামের স্থানীয় সন্ত্রাসী বিপ্লবের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি এলজি ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামিরাও রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
[b]ঢাকা, এমআর, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)[/b]