[b]ঢাকা:[/b] আমরা একটি নির্ভেজাল বিরোধী দল চাই। যারা সরকারের গঠনমূলক সমালোচনা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
শনিবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সেমিনার হলে ‘বঙ্গবন্ধুর রাজনীতি ও বাংলাদেশের স্বাধীনতা’বিষয়ে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মাথাটা সরকারি দলের আর লেজটা বিরোধী দলের এটা করা যাবে না। মাথা-লেজ বিরোধী দলের আর পেট সরকারি দলের এটাও হবে না। সবাই যদি মন্ত্রীত্বের জন্য কাঙ্গাল হয়ে পড়ি,তাহলে গণতন্ত্রের কাঙ্গাল কে হবে?’
সরকার ও বিরোধী দলে একসঙ্গে থাকা যায় না বলে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত সেন বলেন,বিরোধী দল থেকে মন্ত্রী হওয়ার বৈধতা নিয়ে ২০০৬ সালে একটি মামলা হয়েছে। দেলোয়ার হোসেন বনাম রাষ্ট্রের এই মামলায় তৎকালীন বিচারপতি মোস্তফা কামাল একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন,একই সঙ্গে সরকারে এবং বিরোধী দলে থাকা অনৈতিক, গণতান্ত্রিক শিষ্টাচার ও সংবিধান বহির্ভূত।

তিনি আরও বলেন, গণতন্ত্রের পাহারা দেয়ার সবচেয়ে বড়শক্তি গণমাধ্যম। তারপর হচ্ছে বিরোধী দল। তাই বিরোধী দলকে শক্তিশালী হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।
সুরঞ্জিত বলেন,খালেদা জিয়া ‘স্বেচ্ছাবন্দিত্ব’র ভান করেন,আবার দেশে গৃহবন্দি দেখাচ্ছেন। আশা করছি এবার খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হবে। স্বেচ্ছাবন্দিত্ব থেকে বেরিয়ে আলোচনার মাধ্যমে রাজনীতিতে আসবেন। তার হাসিনা বিহীন রাজনীতির এই আবদারকে রক্ষা করবে। শেখ হাসিনাকে কি আপনি বসাইছেন?এই অন্যায় ও অগণতান্ত্রিক আবদার রক্ষা করা যাবে না।
সাবেক এ মন্ত্রী বলেন,তিনি(খালেদা জিয়া) সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা। তাঁকে তাঁর অবস্থান অনুযায়ী নিরাপত্তা দিতে হবে। এটা হবে রাজনৈতিক বদান্যতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাজনৈতিক উদারতা। সে অনুযায়ী সকল ব্যবস্থা নিতে হবে।
সংসদ বিলুপ্তি নিয়ে তোফায়েল আশরাফের দ্বিমূখী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সুরঞ্জিত বলেন,এটা তোফায়েল-আশরাফ আর সরঞ্জিত বাবুর বিষয় নয়। এটা একটা কিতাবে লেখা আছে। এটা এবার নতুন হয়েছে, এজন্যই তো এটা নিয়ে আলোচনা হবে। সাংবিধানিক বিষয়ে সংবিধানের নিয়ম অনুযায়ীই হবে। আগামীতে যারা সরকার গঠন করবে তারাও এই নীতি অনুসরণ করবে বলেও জানান তিনি।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাসদ নেতা নাজমুল হক প্রধান,মীর হোসেন আখতার,আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন,সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।