যশোরের অভয়নগর উপজেলায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম (২৮)নামে এক বিএনপি কমী নিহত হয়েছেন।
সোমবার রাত ২টার দিকে উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুই কনস্টেবল আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। নিহত রবিউল উপজেলার মাগুরা গ্রামের আব্দুর রবের ছেলে।
অভয়নগর থানার অফিসার ইন চার্জ (ওসি) খবিরউদ্দিন মোল্লা টাইমনিউজবিডিকে জানান, রবিউল ইসলামকে সোমবার দুপুরে আটক করে পুলিশ। পরে রাত ২টার দিকে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা রবিউলকে নিয়ে জিয়াডাঙ্গা গ্রামে অস্ত্র উদ্ধারের জন্য যায়।
পুলিশের দাবি, যৌথ বাহিনী জিয়াডাঙ্গা গ্রামের শের আলীর বাঁশ বাগানে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে রবিউলের সহযোগীরা। আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের গোলাগুলিতে রবিউলসহ অভয়নগর থানার এসআই মোক্তার হোসেন এবং কনেস্টবল আনোয়ার ও মনিরুল আহত হন।
পরে যৌথবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে রবিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
নিহত রবিউলের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে একটি মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
[b]ঢাকা,২৮ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ//এসএইচ[/b]