রাজশাহীর পবায় পুলিশের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় পবার নতুন কসবায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী পুলিশের একটি বাস (যশোর ব-১১-০০৫৭) পবার নতুন কসবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮-২০৬২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। এসময় বাসচালক ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে খাদে নামিয়ে দেয় পুলিশের গাড়িটি। বাসের ভেতরে থাকা ৫০ পুলিশ সদস্যর মধ্যে ৩০ জন আহত হন।
রাজশাহী সদর দফতরের দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি উদ্ধার করেন।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আহত পুলিশ সদস্যরা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার রিজার্ভ ফোর্স। তারা ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে চাঁপাইনবাবগঞ্জে ফিরছিলেন।
ঢাকা,২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর