গুলিবিদ্ধ বিজিবির নায়েক মিজানুর রহমান মারা গেছেন বলে জানিয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। শুক্রবার বিকালে এ কথা জানান তিনি।
এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময় হচ্ছে। পাইনছড়ি ৫২ নম্বর সীমান্ত পিলার এলাকায় বিকাল ৩টার পর গুলি বিনিময় শুরু হয়।
বিজিবি জানিয়েছে, মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী প্রথমে গুলি চালালে বিজিবিও পাল্ট গুলি চালায়। এর আগে বুধবার গুলাগুলির ঘটনায় বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান নিখোঁজ ছিলেন। তিনি মারা গেছেন বলে নাইক্ষংছড়ি থানার ওসি জানিয়েছেন।
আজ শুক্রবার মিজানুরকে ফেরৎ দেয়ার বিষয়ে দুই দেশের সীমান্ত রক্ষীদের পতাকা বৈঠক হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠক শেষ হওয়ার পরই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গুলি ও পাল্টা গুলি বর্ষণের ঘটনা ঘটে।
গতকাল নায়েক মো. মিজানুর রহমানকে আটক ও সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে তাঁর দপ্তরে ডেকে পাঠান। তিনি অবিলম্বে বিজিবির নায়েক মো. মিজানুর রহমানের মুক্তির দাবি জানান।
এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে তিনি মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষ থেকে আগামী দিনে এ ধরনের তৎপরতা রোধে বিস্তারিত তদন্তের দাবি জানানো হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান এ সময় সচিবকে আশ্বস্ত করেন, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি মিয়ানমারের যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। মিয়ানমার থেকে জবাব পাওয়ার পর তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে তা জানাবেন।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]