বাস মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকে ঝিনাইদহে লাগাতার হরতাল চলছে। 
বুধবার সকাল থেকেই হরতালে বাস, মিনিবাস,ট্রাকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ ১৮ মালিক-শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়। 
এর আগে শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে গত দুদিন শ্রমিকদের ডাকে বাস ধর্মঘট ও সড়ক অবরোধ চলে।
হরতালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া শহরের সব দোকানপাট বন্ধ দেখা গেছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
এদিকে হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য,গত ৫ মে ঝিনাইদহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা আব্দুল গাফফারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ হত্যার জন্য গাফফারের পরিবার ও শ্রমিকরা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র সাইদুল করিম মিন্টুকে দায়ী করে আসছে।
পরিবারের অভিযোগ মিন্টু গাফফারকে আগে থেকেই হত্যার হুমকি দিয়ে আসছিল।
[b]ঢাকা,৭ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]