নোয়াখালীতে হরতালের সমর্থনে ১৮ দলের মিছিলের উপর গুলি চালালে ২ নেতাকর্মী গুলিবিদ্ধসহ মোট ১৫ জন আহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে চারটায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ববাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  আগামীকাল রোববার হরতালের সমর্থনে আজ শনিবার বিকেল সাড়ে চারটায় মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। মিছিলটি চৌমুহনী পূর্ববাজার মদনমোহন স্কুলের সামনে পৌঁছালে পুলিশ নেতাকর্মীদের ওপর গুলি চালায়। এতে ২ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন জানান, বিনা কারণে আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পুলিশ।
জেলা পুলিশ সুপার ইয়াসিন শরিফ জানান,  নির্বাচনী এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, নোয়াখালী চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ভোট কারচুপি, জালভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বোমাবাজি ও ১৮ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ১৮ দলীয় জোট।
[b]নোয়াখালী, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]