ঝিনাইদহ শহরের উকিল পাড়ায় জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নেতার নাম আবুল গাফ্ফার (৪৫) বলে জানা যায়।
সোমবার ভোররাত ৪টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবুল গাফ্ফার জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। নিহতের স্ত্রী রোকসানা খাতুন জানান, গতরাত ১০টার দিকে একজন শ্রমিক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজার পর আজ ভোররাতে শহরের আরাপপুর উকিল পাড়া এলাকায় রাস্তার পাশে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকদের অন্তঃকোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে কোন্দলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি। এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শ্রমিক সংগঠনগুলোর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]