রাজধানীর কদমতলীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই অপহরণকারী নিহত হয়েছে। অপর দিকে ৩ র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার আনুমানিক পৌনে বারোটায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আহত র‌্যাব সদস্য ও ৩ অপহরণকারীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে ২ অপহরণকারীর মৃত্যু হয়।
র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম সরওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার বেলা সোয়া ১২টায় আলমবাগের ১২৯ মদিনা মসজিদ রোডে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এব্যাপারে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান টাইম নিউজবিডি’কে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মদিনা মসজিদ গলিতে র‌্যাব-১০ এর সঙ্গে বন্দুকযুদ্ধে অসীম (৫০) ও সংগ্রাম (৪৫) নামের দুইজন নিহত হন। তাদের মৃতদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক পরিস্থিতিতে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরে এব্যাপারে জানানো হবে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ৩ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) //এসআর