রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শালিস চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত আব্দুল হালিম (৫০) ও তার ছোট ভাই জজ মিয়া (৪০) শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত হালিম ও জজ মিয়া, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোক্তারের ভাই।
জানা যায়, রায়পুরা উপজেলার মরজাল গ্রামের একবর আলী বেপারির ছেলে নিহত দুই যুবক জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য মরজাল বাসস্ট্যান্ড এলাকায় একটি শালিস দরবারে বসে। শালিসে বাকবিতণ্ডার এক পর্যায়ে শনিবার দুপুর ১২টার দিকে প্রতিপক্ষ সুরুজ মিয়ার ছেলেরা পেছন দিক থেকে হালিম এবং জজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়ে।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে রাত আটটার দিকে মারা যান।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]