[b]ঢাকা[/b]:প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জান-মাল রক্ষায় যতো কঠোর হওয়া প্রয়োজন ততো কঠোর হবে। বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিভাবে বন্ধ করতে হয় তা আওয়ামী লীগ জানে।
শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আলোচনার কিছু থাকলে আলোচনা করুন। নির্বাচনে আসেননি ভুল করেছেন। ভুলের খেসারত আপনাকেই দিতে হবে।
শেখ হাসিনা বলেন, যুদ্ধারাধীদের বিচার বঙ্গবন্ধু শুরু করেছিলেন। কিন্তু পরে তাদের পুনর্বাসন করা হয়। হত্যা-খুনের মাধ্যমে ক্ষমতা দখল করে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছিলেন জেনারেল জিয়া। অস্ত্রের খোচায় সংবিধান ক্ষত বিক্ষত করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন,আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেষ্টা করা হয়েছিল। তখন শত ষড়যন্ত্রের মুখেও আওয়ামী লীগ সুসংগঠিত থেকেছে। ২০০১ সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পরাজিত করা হয়। স্বাধীনতা বিরোধী জামায়াতকে নিয়ে বিএনপি সরকার গঠন করার পর দেশের মানুষের ওপর আবার অত্যাচার নির্যাতন নেমে আসে।
তিনি বলেন, গতবার ক্ষমতায় আসার পর আমরা যুদ্ধাপরাধীদের বিচার কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করি। দেশ থেকে সন্ত্রাস ও দুর্নীতি দমন করে দেশকে এগিয়ে নিয়ে যাই।
খালেদা জিয়াকে ইঙ্গিতকরে বলেন,দেশের মানুষ শান্তিতে থাকলেও একজনের মনে শান্তি ছিল না। আমাদের বিরোধী দলের নেত্রীর শান্তিতে নেই। বাংলাদেশের মানুষ যখন শান্তিতে থাকে তখন তিনি শান্তি পান না।
সমাবেশে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।