প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে পীরগঞ্জকে ভালোবাসেন। পীরগঞ্জের মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আজ রোববার বেলা একটার দিকে জাতীয় সংসদের রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন। তিনি উপনির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসনটি ছেড়ে দেওয়ায় তা শূন্য হয়। দলীয় নেতা-কর্মীদের নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেন শিরীন শারমিন চৌধুরী।
শিরীন শারমিন চৌধুরী বলেন,আমি সংসদ সদস্য হওয়ার পর পীরগঞ্জের মানুষের প্রতি ভালোবাসার কমতি হবে না। এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন,প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বোন হয়ে পীরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে শিরীন শারমিনের বিপক্ষে এ আসন থেকে কোনো দল প্রার্থী দেয়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও এ টি এম জিয়াউল হক বলেন,একক প্রার্থী হওয়ায় শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল সোমবার। একক প্রার্থী হিসেবে রংপুর-৬ আসনের উপনির্বাচনে  শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়া হবে।    
স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সংরক্ষিত নারী আসনের সাংসদ শিরীন শারমিন চৌধুরী নবম জাতীয় সংসদের স্পিকার নিযুক্ত হন।
৫ জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা শ্বশুরবাড়ির এলাকা রংপুর-৬ আসনে জয়ী হওয়ার পর আসনটি ছেড়ে দেন। নির্বাচন কমিশন ৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
[b]ঢাকা, ২৬ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]