বান্দরবানের দোছড়ি সীমান্তের পাইনছড়ি বিওপির নিখোঁজ বিজিবি অধিনায়ক নায়েক সুবেদার মিজানুর রহমানকে ফেরত চেয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপিকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।
বুধবার সকালে ৫২নং পিলারের কাছে বিজিবির টহল দলের উপর মিয়ানমারের বিজিপির গুলিবর্ষণের ঘটনায় নিখোঁজ হন মিজানুর রহমান। গুলিবিদ্ধ মিজানুর রহমানকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে বিজিবি নিশ্চিত হওয়ার পর আজ সকালে এই পতাকা বৈঠকের আহবান জানায়। তবে এখনো পর্যন্ত বিজিপি এই আহ্বানের সাড়া দেয়নি।
নিখোঁজ নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারনা করছে বিজিবি।
বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সফিকুর রহমান জানান, সীমান্তের উদ্ধুত পরিস্থিতি নিয়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।  
এদিকে বিজিবির উপর গুলিবর্ষণের ঘটনার পর পুরো নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের বিওপিগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
আজ সকাল থেকে কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল ফরিদসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তে রয়েছেন।
[b]ঢাকা, ২৯ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]