রাজশাহীর পুঠিয়া উপজেলা সদর ও জিউপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটিতে বিএনপি ও অন্যটিতে জামায়াত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। এতে পুঠিয়া সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আতাহার আলী (মোটরসাইকেল) ও জিউপাড়ায় জামায়াত সমর্থিত প্রার্থী রুহুল আমীন (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পুঠিয়া সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আতাহার আলী (মোটরসাইকেল) ৩ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জুয়েল রানা (আনারস) পেয়েছেন ৩ হাজার ৪৩৫ ভোট।
পুঠিয়া ইউনিয়নের ১০ হাজার ২৮৫ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে ৪২টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ইউনিয়নে ভোট যুদ্ধে নামে ৫৪ জন প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন।
অন্যদিকে, জিউপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী রুহুল আমীন  (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৮৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় বিএনপির প্রার্থী জয়নাল আবেদিন পেয়েছেন ৩ হাজার ৪১৮ ভোট।
এ ইউনিয়নে ২০ হাজার ৭১৬ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে ৭৯টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জিউপাড়া ইউনিয়ন পরিষদে ভোটের মাঠে ছিলেন ৭৫ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত ৫ মে এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গত ৮ মে, যাচাই-বাছাই ছিল ১০ মে। মনোনয়ন প্রত্যাহার শেষ হয় ১৭ মে। প্রতীক বরাদ্দ দেয়া হয় ১৮ মে।
উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রথম এ দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। এরপর সর্বশেষ নির্বাচন হয় ১৯৯৬ সালে। কিন্তু আইনী জটিলতায় দীর্ঘদিন ধরে ওই দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন না হওয়ায় ভারপ্রাপ্ত জনপ্রতিনিধিদের দিয়ে চলছিলো কার্যক্রম।
২০০১ সালে পুঠিয়া ও জিউপাড়া ইউনিয়ন পরিষদের অংশ বিশেষ নিয়ে গঠন করা হয় পুঠিয়া পৌরসভা। সে সময় পৌরসভা বাতিলের দাবিতে ও পৌরসভার সীমানা নির্ধারণী নিয়ে হাইকোর্টে পৃথক দুইটি রিট আবেদন করা হয়। ওই সময় আইনি জটিলতায় আটকে যায় রাজশাহীর পুঠিয়া এবং জিউপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন।
ঢাকা, ২জুন (টাইমনিউজবিডি) //জেডআই