আগামী শনিবার নোয়াখালী জেলার চৌমুহনী, ফেনী সদর পৌরসভা ও চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর এবং সোমবার ভোলা দৌলতখান পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রয়োজনীয় র‌্যাব, বিজিবি ও পুলিশ চেয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠি  র‌্যাব, বিজিবি ও পুলিশ বাহিনীর প্রধানদের বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়,  নোয়াখালী জেলার চৌমুহনী, ফেনী সদর পৌরসভা ও চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর এবং সোমবার ভোলা দৌলতখান পৌরসভার  নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল টিম হিসেবে ৬ প্লাটুন র‌্যাব, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন প্রয়োজন। এ বিষয়ে সার্বিক সহযোগিতা চাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ।
এ দিন ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
চার পৌরসভার মেয়র গত দশম  সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তী সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ চার পৌরসভার মেয়র পদটি শূন্য ঘোষণা করলে ইসি এ সব পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
উল্লেখ্য, দশম  সংসদ সদস্য নির্বাচনে পৌর মেয়র পদে থেকে নির্বাচিত হয়েছিলেন নোয়াখালী- ৩ আসনের মামুনুর রশীদ, ফেনী- ২ আসনের নিজাম উদ্দিন হাজারী, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের গোলাম মোস্তফা বিশ্বাস ও ভোলা-২ আসনের আলী আজম।
[b]ঢাকা, এএম, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]