রাজশাহীর পুঠিয়া উপজেলা সদর ও জিউপাড়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। দীর্ঘ দেড় যুগ পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পুঠিয়া উপজেলা রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমিন জানান, পুঠিয়া সদর উপজেলা ও জিউপাড়া ইউনিয়ন পরিষদের ১৮টি ভোটকেন্দ্রের ১২১টি বুথে ভোট গ্রহণ চলছে।
তিনি জানান, পুঠিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ২৮৫ জন। সেখানে মোট ৯টি ভোটকেন্দ্রে ৪২টি বুথ রয়েছে।
এছাড়া জিউপাড়া ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭১৬ জন। ৯টি ভোট কেন্দ্রে ৭৯টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
পুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে নেমেছেন ৫৪ জন প্রতিদ্বন্দ্বী।এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন  প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জিউপাড়া ইউনিয়ন পরিষদে লড়ছেন ৭৫ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ৫ মে এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গত ৮ মে, যাচাই-বাছাই ছিল ১০ মে এবং মনোনয়ন প্রত্যাহার শেষ হয় ১৭ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১৮ মে।
১৯৭৩ সালে প্রথম এ দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। এরপর সর্বশেষ নির্বাচন হয় ১৯৯৬ সালে।কিন্তু, আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ওই দুই ইউনিয়ন পরিষদে নির্বাচন না হওয়ায় ভারপ্রাপ্ত জনপ্রতিনিধিরা কার্যক্রম চালাচ্ছিল।
২০০১ সালে পুঠিয়া ও জিউপাড়া ইউনিয়ন পরিষদের অংশ বিশেষ নিয়ে গঠন করা হয় পুঠিয়া পৌরসভা। এসময় পৌরসভা বাতিলের দাবিতে ও সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে পৃথক দুইটি রিট আবেদন করা হয়। ফলে আইনি জটিলতায় আটকে যায় পুঠিয়া এবং জিউপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]