‘জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে `জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৪’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই সপ্তাহ চলবে ২৪ মার্চ সোমবার পর্যন্ত। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
`জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, ‘ইলিশ প্রাকৃতিক সম্পদ হলেও এর যোগান অসীম নয়। বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশ উৎপাদন বৃদ্ধি এখন সময়ের দাবি। সেলক্ষ্যে ইলিশের ক্রমবর্ধমান উৎপাদন নিশ্চিত করার জন্য জাটকা সংরক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, ‘রূপালী ইলিশ আমাদের ঐতিহ্য ও গর্বের সাথে মিশে আছে। জাটকা সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর নির্ভর করে আগামী দিনের ইলিশ বড়  হবে কিনা।’
জাটকা সংরক্ষণে সময়োপযোগী ও সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে মৎস্য উৎপাদনে একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সবচে বেশি। গত পাঁচ বছরে ইলিশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। জাটকা ধরা থেকে বিরত রাখতে মৎস্যজীবী পরিবারের জন্য খাদ্য সহায়তা ১০ কেজি থেকে বাড়িয়ে ৪০ কেজি করা হয়েছে। এ পর্যন্ত ১৬ জেলার ২ লাখ ৬ হাজার ২২৯টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে ৮৭ হাজার মেট্রিক টন।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]