[b]লন্ডন:[/b] হাঁটুর ইনজুরির কারণে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড থিও ওয়ালকট। আর এ কারণে জুন-জুলাইয়ে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও আর খেলা হচ্ছে না তার। সোমবার ওয়ালকটের ক্লাব আর্সেনালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার টটেনহ্যাম হটসপারের বিপক্ষে ঘরের মাঠে এফএ কাপের ম্যাচে আর্সেনালের হয়ে খেলতে নেমে ওয়ালকটের বাম হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়। আর্সেনালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ধারণা করা হচ্ছে আগামী অন্তত ছয় মাসের জন্য সে মাঠে বাইরে চলে গেছে। এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি মৌসুম এবং একইসাথে ব্রাজিল বিশ্বকাপেও তার আর খেলা হচ্ছে না। ম্যাচের একেবারে শেষের দিকে ২৪ বছর বয়সী ওয়ালকট এই ইনজুরিতে আক্রান্ত হন এবং পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে আনা হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389092668.jpg[/img]
তবে শনিবারের ম্যাচটিতে হোম ও অ্যাওয়ে উভয় সমর্থকরা বেশ উত্তেজিত ছিল। ম্যাচের প্রায় সময়ই তারা মাঠের ভেতর কয়েন, পানির বোতল ছুঁড়ে মেরেছে যা নিয়ে একপর্যায়ে বেশ উত্তেজনা দেখা দেয়। ওয়ালকটকে যখন স্ট্রেচারে করে বের করে আনা হচ্ছিলেন তখনো গ্যালারি থেকে তার উপরে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারা হয়েছিল। ওয়ালকট নিজেও অবশ্য ২-০ গোলে এগিয়ে যাবার পরে স্পারস ভক্তদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেছেন।
সোমবার আর্সেনালের পক্ষ থেকে ওয়ালকটের ইনজুরির বিষয়টি নিশ্চিত করার আগে ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্য ওয়ালকটের বিপক্ষে শৃঙ্খলাভঙ্গের জন্য কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নাকচ করে দেয়া হয়। তবে ঘটনার জন্য দায়ী উভয় ক্লাবের সমর্থকদের খুঁজে বের করার জন্য মেট্রোপলিটন পুলিশের উপর দায়িত্ব দেয়া হয়েছে এবং এফ’এর পক্ষ থেকে এ ধরনের ঘটনার নিন্দা জানানো হয়েছে।
ওযালকটের ইনজুরির পরে আর্সেনালের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারকে অবশ্যই জানুয়ারি ট্রান্সফারের সুবিধাকে কাজে লাগিয়ে নতুন কোন স্ট্রাইকারকে দলে নেবার বিষয়টি বেশ জোড়ালোভাবেই ভাবতে হচ্ছে। ক্লাবের অন্যান্য ফরোয়ার্ডরাও খুব একটা ভাল অবস্থায় নেই। অলিভার গিরার্ড অসুস্থ, গোঁড়ালির ইনজুরির কারণে ধারণা করা হচ্ছে নিকলাস বেন্ডেটনার পুরো জানুয়ারি মাস মাঠের বাইরে থাকবেন।
এর আগে ইনজুরির কারণে মন্টেনেগ্রো এবং পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে শেষ দুটি ম্যাচেও খেলতে পারেননি ওয়ালকট। তার জায়গায় ইংলিশ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন টটেনহ্যামের আন্দ্রোস টাউনসেন্ড।
২০০৬ সালে বিস্ময়করভাবে ইংল্যান্ডের সাবেক ম্যানেজার সেভেন-গোরান এরিকসনের বিবেচনায় বিশ্বকাপের দলে জায়গা করে নিলেও সাবেক সাউদাম্পটন তারকা ওয়ালকট এখনো পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে খেলতে পারেননি। চার বছর পরে দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপের দলে ফ্যাবিও ক্যাপেলো তাকে বিবেচনাই করেননি।