কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ২ পুলিশসহ ৫জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১০টায় সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন,বিএনপি কর্মী সেকান্দর আলী (৪০),আব্দুল সাত্তার (৩৫),মো. পাভেল (২২) ও মো. আবু হানিফ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা জাফরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দিলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়ে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ ৫জন আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির ৪কর্মীকে আটক করে।
দেবিদ্বার থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান,মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের এসআই শাহ কামাল ও সাইদুর রহমান আহত হন।
এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়ে। এছাড়া ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]