পুরনো বছরের জীর্ণতাকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে ভোর থেকেই রাস্তায় নেমেছেন রাজশাহীর মানুষ। সোমবার সকালে বর্ণাঢ্য আয়োজনে নেচে গেয়ে প্রাণের উচ্ছ্বাসে হাসি আর আনন্দে নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হন বিভিন্ন স্তরের নারী, পুরুষ ও শিশুরা।
শেকড়ের সন্ধানে নববর্ষকে বরণ করতে রাজশাহী মহানগরী জুড়ে চলছে বাঙালি উৎসবের আমেজ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতে উঠেছেন সবাই।
সাদা আর লাল রঙের আলোকচ্ছটায় রঙিন হয়ে উঠেছে যান্ত্রিক নগরজীবন। বর্ণিল আনন্দের ঘনঘটায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী মহানগরীতে এবার উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ।
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা-ইলিশ ও ভুরিভোজ।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এসো হে বৈশাখ, এসো এসো... গানের মধ্য দিয়ে মহানগরীর পদ্মা পাড়ের ফুদকিপাড়ার উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে বাংলা বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানে রাজশাহী সিটি করপোরেশন আয়োজন করে পান্তা-ইলিশ উৎসবের।
দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সংগীত পরিবেশন, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রমীণ খেলা, গম্ভীরা ইত্যাদি।
অপরদিকে সকাল সাড়ে ৭টায় মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে এরপরই পৃথক শোভাযাত্রা বের করা হয়।
এতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। পরে সেখানে উন্মুক্ত মঞ্চে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বসেছে বৈশাখী মেলাও।
এছাড়া বাংলা নববর্ষকে ঘিরে মহানগরীজুড়ে চলছে নানা অনুষ্ঠান। নগরীর বড়কুঠি ওয়াই ফাই জোন, শহর রক্ষা বাঁধ ও চরসহ পুরো পদ্মার পাড়েই বৈশাখী উৎসবে মেতে উঠেছে সবাই।
এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে মহানগরী জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যা ব ও গোয়েন্দা সদস্যরা মহানগরীর বিভিন্ন অনুষ্ঠানস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]