রাজশাহীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক পরীক্ষার্থী আহত হয়েছে। তার নাম মোহাম্মদ মিজান (১৯)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার রাত ৮টার দিকে মহানগরীর সাধুর মোড় এলাকায় এ ঘটনা।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মিজান রাত ৮টার দিকে অটোরিকশা নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা থেকে সাধুরমোড়ে যাচ্ছিল। এসময় অটোরিকশায় যাত্রীবেশে থাকা কয়েকজন ছিনতাইকারী মিজানকে চাকু ঠেকিয়ে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে।
এমন পরিস্থিতিতে মিজান চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা থেকে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় মিজানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
[b]
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]