[b]ঢাকা:[/b] রাজশাহী ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮ দলীয় জোটের ৩৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা গেছে, শুক্রবার দিনগত রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহীর বিভিন্ন স্থান থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনিরসহ সন্দেহভাজন ২৪ জনকে আটক করেছে পুলিশ।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান,শনিবার রাজশাহীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে নগরীজুড়ে ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় গতকাল রাতে পুলিশি অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
অ্যাডভোকেট কামরুল মনিরকে আটকের বিষয়ে তিনি বলেন, কোনো মামলায় গ্রেফতার করা হবে কিনা তা পরে দেখা যাবে।
আটক অন্য ২৪ জনের বিষয়ে পুলিশ বলছে, রাজনৈতিক কারণে তাদের আটক করা হয়নি।
এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, পলাতক, সন্দেহভাজন ও আরএমপিওভুক্ত আসামি রয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতে চালান দেওয়া হবে।
কামরুল মনির ছাড়া আটকদের মধ্যে বোয়ালিয়া থানায় ১৯ জন, নগরীর মতিহার থানায় ৪ জন এবং রাজপড়া থানায় ১ জন রয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।  
অন্যদিকে কুমিল্লায় ১৮ দলীয় জোটের ৯ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত যৌথবাহিনী জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হওয়া নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ কন্ট্রোল রুম জানায়, আটক হওয়া নেতাকর্মীদের মধ্যে বিএনপির ৫ জন ও জামায়াতের ৪ জন নেতাকর্মী রয়েছেন।